Tuesday, January 16, 2024

ঢাকায় শীত আরও বাড়ল, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

    মাঘের শীতে জনজীবনে স্থবিরতা। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবীণেরা। মাঘের শীতে জবুথবু হয়ে চা-বাগানের রাস্তায় হাঁটছেন এক ব্যক্তি।


কুয়াশার পর্দা আজও কাটেনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। রাজধানীতে কুয়াশা থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে রোদের মুখ দেখা গেছে। দেশের অন্যত্রও রোদের দেখা পাওয়া গেছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রের খবর।


এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার আরও কমেছে। সেই সঙ্গে রাজধানীর তাপমাত্রাও কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। তবে আজ রাতে দেশের তিন বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা।


আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়েছে, আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।


এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। 


আজ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।


এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল মঙ্গলবারের তুলনায় আজ আরও কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবান ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের ‘শীতের হটস্পট’ হিসেবে পরিচিত এ স্থানে তাপমাত্রাও আজ কমেছে। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮, রাজশাহীতে ১১ দশমিক ১, দিনাজপুরে ১১, তেঁতুলিয়া ১০ দশমিক ৭ ও পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।


রাজধানীতেও বেড়েছে শীতের প্রকোপ। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আজও গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।


তবে আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে কিছুটা। আর আজ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালও দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এর পর থেকে তাপমাত্রা আবার খানিকটা কমতে পারে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...